বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬ - ০৯:২৪
মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানের আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর বিবৃতি

হাওজা / ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক ঐতিহ্য, অবকাঠামো এবং নিরপরাধ জনগণের ওপর হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের আন্তর্জাতিক ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এ বিবৃতিতে স্কুল, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক ঐতিহ্য, অবকাঠামো ও নিরপরাধ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতির পূর্ণাঙ্গ পাঠ নিচে তুলে ধরা হলো:

بسم الله الرحمن الرحیم

﴿أُذِنَ لِلَّذینَ یُقَاتَلونَ بِأنَّهُمْ ظُلِموا وَإنَّ اللهَ عَلی نَصْرِهِمْ لَقَدیرٌ﴾ (سوره حج، آیه ۳۹)

সম্মানিত আলেম-ওলামা, বিভিন্ন ধর্ম ও মতবাদের ধর্মীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক ও গণমাধ্যমকর্মী, রাজনৈতিক বুদ্ধিজীবী এবং বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের প্রতি।

গভীর শোক ও পবিত্র ক্ষোভে ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিম্নস্বাক্ষরকারীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর অহংকারী মার্কিন সাম্রাজ্যবাদ এবং অপরাধী ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর অব্যাহত বর্বর আগ্রাসনের বিরুদ্ধে তীব্রতম নিন্দা জানাচ্ছি।

এই কাপুরুষোচিত হামলার সূচনা হয়েছিল ইসলামী ইরানের বিপ্লবী নেতা, শহীদ ইমাম হজরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (কুদ্দিসা সিররুহুশ শরিফ)-কে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা, উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের একটি দলকে হত্যা এবং মিনাব শহরের ‘শাজারে তাইয়্যেবা’ প্রাথমিক বিদ্যালয়ে হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ১৭৫ জনেরও বেশি নিষ্পাপ শিশু ও নিরপরাধ শিক্ষক শহীদ হন। এ পর্যন্ত এসব হামলায় শত শত কর্মকর্তা ও নিরস্ত্র বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

বর্তমানেও এসব অপরাধ, গুপ্তহত্যা ও হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। যা মানবাধিকার, আন্তর্জাতিক নীতিমালা, নৈতিক আদর্শ, ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক বিবেকের সুস্পষ্ট লঙ্ঘন ও পদদলন।

অপরাধী মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষ এক মাস ধরে লাগামহীন হামলা চালিয়েও সাহসী মুজাহিদদের মোকাবিলায় শুধু ব্যর্থই হয়নি, বরং নিজেদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। উল্টো সব রণাঙ্গনে তাদেরকে যন্ত্রণাদায়ক আঘাত সহ্য করতে হয়েছে। এখন তারা কাপুরুষোচিতভাবে স্কুল, বিশ্ববিদ্যালয়, উপাসনালয়, সাংস্কৃতিক ঐতিহ্য, হাসপাতাল, ওষুধ উৎপাদন ও বিতরণকেন্দ্র, আবাসিক ভবন, দাতব্য প্রতিষ্ঠান এবং জাতীয় অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রেখেছে।

এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর কাছ থেকে প্রত্যাশা ছিল, তারা একটি মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধরত কাফির শত্রুদের অপরাধ এবং কোটি কোটি মানুষের ধর্মীয় নেতার শাহাদাতের ঘটনায় মজলুমের পক্ষে অবস্থান নেবে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, বাস্তবে তা দেখা যায়নি।

অতএব, বিশ্বের আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন ধর্ম ও মতবাদের ধর্মীয় নেতা ও প্রচারক, রাজনৈতিক বুদ্ধিজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, শিল্পী ও গণমাধ্যমকর্মী, গোত্রপ্রধান ও প্রবীণ ব্যক্তিত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী এবং এককথায় বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষ, ন্যায়বিচারপ্রত্যাশী ও জুলুমবিরোধী ব্যক্তিদের প্রতি আমাদের প্রত্যাশা—তাঁরা নীরব থাকবেন না; বরং সাহসিকতার সঙ্গে এসব বর্বর হামলা ও ভয়াবহ যুদ্ধাপরাধের নিন্দা জানাবেন।

আমরা স্বাধীনচেতা বিজ্ঞানী, সচেতন ধর্মীয় বক্তা, ব্যাপক শ্রোতা ও দর্শকসমৃদ্ধ গণমাধ্যমের ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সকল মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা ইহুদিবাদী ষড়যন্ত্রকারী ও তাদের সমর্থকদের অপরাধের বিরুদ্ধে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করেন।

বিশেষ করে ইরানের শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র, মসজিদ ও গির্জা, নিরপরাধ বেসামরিক নাগরিক, অবকাঠামো, এমনকি সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ওপর বোমাবর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন।

একই সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশ, আন্তর্জাতিক অনুষ্ঠান ও গণমাধ্যমে এই অন্যায় যুদ্ধের বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করুন। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে রক্তপিপাসু মার্কিন সরকারের শীর্ষ কর্মকর্তাদের এবং শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নেতাদের অপরাধী হিসেবে চিহ্নিত করার পরিবেশ ও আইনি ভিত্তি তৈরিতে ভূমিকা রাখুন।

পরিশেষে, আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন আপনাদের পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করেন, আপনাদের কল্যাণকর প্রচেষ্টাগুলোকে আমলনামায় নেক আমল হিসেবে স্থান দেন এবং আমরা সবাই যেন বিশ্বের অত্যাচারী ও আধিপত্যবাদীদের পরাজয় এবং সত্যের ওপর মিথ্যার বিজয় প্রত্যক্ষ করতে পারি।

কৃতজ্ঞতা ও শ্রদ্ধাসহ।

বিবৃতিতে স্বাক্ষরকারীগণ

1. আয়াতুল্লাহ আলিরেজা আরাফি — ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওজা ইলমিয়ার প্রধান।

2. মুহাম্মদ হাসান আখতারি — আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক আশুরা ফাউন্ডেশনের পরিচালক।

3. মুহাম্মদ মাহদি ইমানিপুর — ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান।

4. রেজা রমজানি — আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব।

5. হামিদ শাহরিয়ারি — ইসলামি মাজহাবসমূহের মধ্যে নৈকট্য প্রতিষ্ঠার বিশ্বসংস্থার মহাসচিব।

6. আলী আব্বাসি — আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান।

7. সাইয়্যেদ আবদুল ফাত্তাহ নওয়াব — হজ ও জিয়ারতবিষয়ক কার্যক্রমে ওয়ালিয়ে ফকিহের প্রতিনিধি।

8. আহমদ ওয়ায়েজি — ইসলামী প্রচার সংস্থার প্রধান।

বিবৃতি প্রকাশের তারিখ:

  • ১৩ ফারভারদিন ১৪০৫ হিজরি শামসি
  • ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি
  • ২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha